ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বাসটি রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তার দিকে যাচ্ছিল। পথে একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর সড়কের অবকাঠামোর সঙ্গে সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়।
দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৫ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে কয়েকজনকে সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা গেছে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। পুরনো যানবাহন, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক আইন অমান্য করাকে এসব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলএনডি/এমআর






