অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন। হামলায় একজন বন্দুকধারী নিহত হয়েছে, আরেকজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলা ঘটে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।
এনএসডব্লিউ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ডি সৈকত এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন।
প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, তিনি অন্তত ১০ জনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন।
ঘটনাস্থলের কাছাকাছি ইহুদি ধর্মাবলম্বীদের হনুক্কা উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। তবে এ ঘটনার সঙ্গে কোনো নির্দিষ্ট যোগসূত্র আছে কি না—সে বিষয়ে নিশ্চিত না হওয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে জনগণকে সতর্ক করেছে পুলিশ।
সূত্র: আল জাজিরা
এলএনডি/এমআর






