পাকিস্তানের সামরিক আদালত দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই–এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। বিষয়টি নিশ্চিত করেছে জিও নিউজও।
আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনীর আইন অনুযায়ী টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের ক্ষতি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ব্যবহার করে জনগণের ক্ষতিসাধন—এমন চারটি অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলে।’
আরও জানানো হয়, ‘দীর্ঘ শুনানির পর আদালত তাকে সব অভিযোগেই দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।’
বিচার প্রক্রিয়ায় অভিযুক্তকে আইন অনুযায়ী সব সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং চাইলে তিনি উচ্চতর সামরিক ফোরামে আপিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়।
২০২৪ সালের আগস্টে ক্ষমতার অপব্যবহার ও সেনা আইন লঙ্ঘনের অভিযোগে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল।
এলএনডি/এমআর






