যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ব্যাপক হামলা ইসরাইলের, নিহত ২৮

Liberty News Desk
ফাইল ছবি

চলমান যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব হামলায় কমপক্ষে ২৮ জন নিহত এবং অন্তত ৭৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় তিনটি স্থানে এবং গাজা সিটির পূর্বাঞ্চলের শুজাইয়া ও জয়তুন এলাকায় একটি করে ভবনে আইডিএফ বোমা নিক্ষেপ করে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওইসব স্থানে হামলায় হতাহতের ঘটনা ঘটে।

গাজার আলজাজিরা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, এক ভবনে বোমা পড়ে একই পরিবারের পাঁচ সদস্য— বাবা, মা ও তাদের তিন সন্তান—নিহত হয়েছেন। তিনি আরও বলেন, অব্যাহত সহিংসতার কারণে গাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন; যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে পরিস্থিতি এখনো যুদ্ধময়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর পর হামাসের অবস্থান চিহ্নিত করে এ হামলা চালানো হয়েছে।

হামলার পর আইডিএফ এক বিবৃতিতে জানায়, বুধবার যেসব স্থানে আঘাত হানা হয়েছে, সেগুলো হামাসের সামরিক লক্ষ্যবস্তু। তাদের ভাষ্য অনুযায়ী, এসব অভিযান যুদ্ধবিরতির নিয়ম ভঙ্গ করেনি; বরং যুদ্ধবিরতির শর্তসীমার মধ্যেই সামরিক প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, খান ইউনিস ও গাজা সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট মোট পাঁচটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতেও ইসরাইলের নিরাপত্তা হুমকির মুখে পড়লে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।

অন্যদিকে, এই হামলাকে ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি আইডিএফের দেওয়া ব্যাখ্যাও প্রত্যাখ্যান করেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন