পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট আকারের বিমান দুর্ঘটনায় পতিত হয়ে বিমানে থাকা ১১ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে আটজন হাঙ্গেরির ও দুইজন জার্মানির নাগরিক বলে জানা গেছে।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ০৫টা ৩০ মিনিট) ভারত মহাসাগরের উপকূলীয় এলাকা কোয়ালেতে দুর্ঘটনাটি ঘটে। মোম্বাসা এয়ার সাফারি পরিচালিত বিমানটি দিয়ানি উপকূল থেকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো গন্তব্যে যাচ্ছিল।
মোম্বাসা এয়ার সাফারি তাদের এক বিবৃতিতে জানায়, বিমানে মোট ১০ জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে আটজন হাঙ্গেরি ও দুইজন জার্মান নাগরিক, আর পাইলট ছিলেন কেনিয়ার নাগরিক। বিবৃতিতে বলা হয়, “দুঃখজনকভাবে কেউই বেঁচে নেই।”
স্থানীয় টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভি আঞ্চলিক পুলিশের এক কর্মকর্তার বরাতে জানায়, বিমানের দেহাবশেষ ও নিহতদের দেহ এতটাই পুড়ে গেছে যে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
কেসিএএ জানিয়েছে, ছোট ওই বিমানে মোট ১২ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে দেশটির একাধিক সরকারি সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এলএনডি/এমআর






