তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিট) এ কম্পন অনুভূত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি জানিয়েছে, ভূমিকম্পে দেশটির পশ্চিমাঞ্চল কেঁপে ওঠে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ কিলোমিটার গভীরে।
এ ভূমিকম্পের কম্পন ইস্তাম্বুল, বুরসা, মানসিয়া ও ইজমিরসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়। আফাদের প্রাথমিক তথ্যে জানা গেছে, সিন্দির্গি এলাকায় কয়েকটি ঘরবাড়ি আংশিক ধসে পড়েছে এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসেও একই অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তখনও কেন্দ্র ছিল সিন্দির্গি শহরেই। সেই সময় থেকে বালিকেসির প্রদেশে মাঝেমধ্যেই ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়ে আসছে।
এলএনডি/এমআর






