রাশিয়ার উরাল অঞ্চলে অবস্থিত একটি গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৯ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত ১০ কর্মীর খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক এলাকায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো ড্রোন হামলা নয়। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ১০ কর্মীর সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ঘটনায় শুক্রবার উরাল অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এলএনডি/এমআর






