চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।
কমিটি জানায়, গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার পক্ষে দীর্ঘদিনের নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ মারিয়া কোরিনা মাচাদোকে এ পুরস্কার দেওয়া হয়েছে। একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভেনেজুয়েলাকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর প্রচেষ্টায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এর আগে, গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের মানবিক সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক হামলার শিকারদের প্রতিনিধিত্ব করে এবং বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে।
অন্যদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পাওয়ার আশা প্রকাশ করেছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি মনোনীত হননি।
উল্লেখ্য, ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিলেন। নোবেল কমিটির নীতি অনুযায়ী, মনোনীতদের নাম প্রকাশ করা হয় না এবং এ তথ্য ৫০ বছর গোপন রাখা হয়।
এলএনডি/এমআর






