ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুল ভবন ধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ এবং ১০৪ জন জীবিত ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছেন। এখনও অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যে ভবনের প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়েছে, তবে স্কুলের পাশে থাকা আরেকটি ভবনও ধসে পড়ায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্সের তথ্যানুসারে, আহতদের মধ্যে ৮৯ জন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং বাকি ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধসের সময় ভবনে কয়েকশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষকদের বরাতে জানা গেছে, ভবনের ছাদে নতুন তলা নির্মাণের কাজ চলছিল। তবে ভিত্তি দুর্বল থাকায় অতিরিক্ত ভারে ভবনটি ধসে পড়ে।
এলএনডি/এমআর






