ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪০ জনেরও বেশি মানুষ। দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধার অভিযান এগোলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত স্থানীয় সময় প্রায় ১০টার দিকে সেন্ট্রাল ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো সিটির উপকূল এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ৬.৯ মাত্রার এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে, শত বছরের পুরনো একটি চার্চও মাটির সঙ্গে মিশে যায়। সেবু প্রদেশ ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি, যেখানে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস।
ভূমিকম্পের পরও দেশের দ্বিতীয় বৃহত্তম প্রবেশদ্বার ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর খোলা রয়েছে। তবে উত্তর সেবু এলাকায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যাতে উদ্ধার তৎপরতা জোরদার করা যায়।
সান রেমিজিওর উপ-মেয়র আলফি রেইনস জানান, প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “আমাদের কাছে পানি ও খাদ্যের ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে পানির পাইপলাইনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তাই জরুরি সহায়তা এবং ভারী উদ্ধার সরঞ্জাম অত্যন্ত প্রয়োজন।”
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। এর পরপরই বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়, যার মধ্যে একটি ছিল ৬ মাত্রার। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এলএনডি/এমআর






