ভিয়েতনামে শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়ালোই-এর আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো ২১ জন নিখোঁজ, এবং কর্তৃপক্ষের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার ভিয়েতনাম সরকার জানায়, টাইফুনের প্রভাবে উত্তরাঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে, যা বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। ইতোমধ্যে ঝড়ে ৮৮ জন আহত, এক লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এনহে আন ও হা তিং প্রদেশে।
জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে সোমবার টাইফুন বুয়ালোই ভিয়েতনামের উত্তর-মধ্য উপকূলে স্থলভাগে আঘাত হানে, সঙ্গে ছিল প্রবল বেগের ঝড়, উচ্চ জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টি।
এর আগে গত সপ্তাহে ফিলিপিন্সে এই টাইফুনের আঘাতে অন্তত ১০ জন প্রাণ হারান।
এলএনডি/এমআর






