ইউরোপের একাধিক বড় বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন্স শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং সমস্যাটি সমাধান করতে কিছুটা সময় লাগবে।
প্রতিষ্ঠানটি বিশ্বের বহু বিমানবন্দর ও এয়ারলাইন্সকে চেক-ইন ও বোর্ডিংসহ বিভিন্ন প্রযুক্তি সেবা দিয়ে থাকে। ইউরোপভিত্তিক অধিকাংশ বিমান পরিবহন সংস্থাই তাদের গ্রাহক। সাইবার হামলার কারণে এসব সেবা ব্যাহত হওয়ায় একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।
লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইলে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, অনলাইন সেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রী সেবা দেওয়া হবে। তিনি আরও বলেন, “এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। যদি দ্রুত সমাধান না আসে, তবে প্রতিটি ফ্লাইটের ছাড়ার সময় গড়ে প্রায় এক ঘণ্টা পিছিয়ে যেতে পারে।”
এলএনডি/এমআর






