মেক্সিকোর আটলাকোমুলকো শহরে একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী ডাবল-ডেকার বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন। স্থানীয় সময় রোববার সকাল ৭টার কিছু আগে রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলস অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রকাশিত ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসটি রেললাইন পার হওয়ার সময় যানজটে আটকে ছিল। তখন দ্রুতগামী ট্রেনটি বাসটিকে মাঝ বরাবর ধাক্কা দিলে সেটি দুই ভাগে ছিন্নভিন্ন হয়ে যায়। ট্রেনের আঘাতে বাসের একটি অংশ অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়, আর অন্য অংশটি রেললাইনের পাশে থেমে যায়।
স্থানীয় বাসিন্দা মিগুয়েল সানচেজ জানান, “প্রথমে আমরা শুধু ট্রেনের হুইসেল আর প্রবল শব্দ শুনি। ভেবেছিলাম সাধারণ কোনো গাড়ি দুর্ঘটনা, পরে দেখি পুরো একটি বাস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”
দুর্ঘটনার পরপরই রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা ও প্রসিকিউটর কার্যালয় উদ্ধারকাজ শুরু করে এবং তদন্ত কার্যক্রম চালু করে। নিহত বাসটি যাত্রী পরিবহন কোম্পানি হেরাডুরা দে প্লাতা–এর মালিকানাধীন ছিল।
এদিকে, কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি অব মেক্সিকো ট্রেন কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের কর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। একই সঙ্গে তারা সবাইকে রেলক্রসিংয়ে সাইন ও নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এলএনডি/এমআর






