ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় মন্ত্রিসভা ভবন আঘাতপ্রাপ্ত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে ঘটে যাওয়া এই ঘটনা ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথমবারের মতো মন্ত্রিসভা ভবনে সরাসরি হামলার ঘটনা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, শনিবার রাত থেকে কিয়েভে রাশিয়া রেকর্ড সংখ্যক আক্রমণ চালায়। ৮০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন মোট ৩৭টি এলাকায় বিস্ফোরিত হয়েছে। এছাড়া ভূপাতিত কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটটি স্থানে গিয়ে পড়ে।
প্রধানমন্ত্রী সিরিদেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি লিখেন, “শত্রু প্রতিদিন নাগরিকদের আতঙ্কিত করার চেষ্টা করছে।” আরও বলেন, “আজ ভোরে স্বাধীনতা স্কয়ারের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখি। এর কিছুক্ষণ পর দ্রুতগতির দুটি ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখি এবং একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই।”
কিয়েভের কেন্দ্রস্থলে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় সেখানে এমন হামলা খুবই বিরল। তবে সাম্প্রতিক এই আক্রমণে মনে করা হচ্ছে, শহরটি আবারও গুরুতর নিরাপত্তা চাপে পড়েছে।
এলএনডি/এমআর





