নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দানুবে নদীর প্রবেশমুখে ডুবে গেছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, টার্গেট করা জাহাজটির নাম ছিল ‘সিম্ফেরোপোল’। তবে ইউক্রেনীয় গণমাধ্যমগুলো জাহাজটির নাম না উল্লেখ করেই হামলার ঘটনা প্রকাশ করেছে।
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলায় একজন ক্রু নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু নাবিক নিখোঁজ রয়েছেন। তবে জাহাজ সম্পূর্ণভাবে ডুবে গেছে কি না সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। স্থানীয় গণমাধ্যম ইউক্রিনফর্মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর (২৪ ফেব্রুয়ারি ২০২২) এটাই প্রথমবার, যখন রুশ বাহিনী নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালাল।
সিম্ফেরোপোল ছিল একটি মাঝারি আকারের নজরদারি জাহাজ। এটি “প্রজেক্ট লাগুনা” সিরিজের অংশ এবং রেডিও-ইলেকট্রনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবে ৫০২ইম ট্রলার প্রকল্পের আওতায় নির্মিত। ২০১৯ সালে জাহাজটি প্রথম সমুদ্রে নামানো হয় এবং ২০২১ সালে ইউক্রেন নৌবাহিনীর বহরে যুক্ত হয়। এর মূল দায়িত্ব ছিল গোয়েন্দা নজরদারি চালানো এবং সামরিক অভিযানে সহায়তা করা।
এলএনডি/এমআর






