ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন পুণ্যার্থী নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার নবাবহাটের ফাগুপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হুগলি জেলার তারকেশ্বর থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের উদ্দেশে পুণ্যার্থী বোঝাই একটি বাস যাচ্ছিল। সকাল আনুমানিক ৭টার দিকে ফাগুপুর এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে বাসটি জোরে ধাক্কা মারে। এতে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা সেখানে পৌঁছানো ১১ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন, সবাই বিহারের বাসিন্দা। গঙ্গাস্নান ও পূজা শেষ করে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও অনেক ট্রাক জাতীয় সড়কে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকে এবং পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেয় না। দুর্ঘটনার সময়ও এমন একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, যা প্রাণহানির প্রধান কারণ বলে দাবি করা হচ্ছে।
এলএনডি/এমআর






