ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে।
অসলো কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে।
দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের ২১ নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ মঙ্গলবার জানিয়েছেন, তার দেশ আইসিসির এই পরোয়ানার প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে।”
ক্রাভিচ আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়ন করা আইনগতভাবে বাধ্যতামূলক। এটি আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক অপরাধে অভিযুক্তদের জবাবদিহিতে আনতে তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করে।
আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, গুরুতর অপরাধে জবাবদিহি নিশ্চিত করতে আইসিসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর আগে ২০২৪ সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে একই বছরের ২১ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
এলএনডি/এমআর






