পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদ্যাপন করতে গিয়ে আকাশে গুলি ছোড়ার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও আট বছরের একটি শিশু রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
করাচির বিভিন্ন এলাকায় এভাবে ফাঁকা গুলি ছোড়ার ফলে অন্তত ৬৪ জন আহত হয়েছেন। আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে শিশু এবং কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন ও উত্তর নাজিমাবাদসহ করাচির বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে।
ঘটনার পর ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, বুধবার পাকিস্তান তাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদ্যাপন করেছে। দিবসটিতে আকাশে গুলি ছোড়ার এই প্রবণতাকে ‘বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ’ বলে আখ্যা দিয়ে কর্তৃপক্ষ নিরাপদ উপায়ে উদ্যাপনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
এলএনডি/এমআর






