মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ এলাকার কাছে একটি স্টিল কারখানায় পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সকালে সংঘটিত এ ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোনঙ্গাহিলা নদীর তীরে অবস্থিত ক্লেয়ারটন কোক ওয়ার্কসের বিশাল শিল্প কমপ্লেক্সে সকাল ১১টার কিছু আগে বিস্ফোরণ ঘটে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও ধোঁয়া নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার তৎপরতা চালায়।
প্রথমে জানানো হয়েছিল, দু’জন নিখোঁজ রয়েছেন। পরে তাদের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে অ্যালেগেনি কাউন্টি পুলিশের সহকারী সুপার ভিক্টর জোসেফ এক ব্রিফিংয়ে জানান। অপর নিখোঁজ ব্যক্তিকে পরবর্তীতে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এলএনডি/এমআর






