ভারতের নাগপুর-মধ্যপ্রদেশ হাইওয়েতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি চলন্ত মোটরসাইকেলের পেছনে স্ত্রীর নিথর দেহ বেঁধে ফিরছেন।
খবরে জানা গেছে, গত ৯ আগস্ট দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুরে যাচ্ছিলেন অমিত বুমরা যাদব (৩৬) ও তার স্ত্রী জ্ঞ্যায়ার্সি যাদব (৩৫)। দেওলাপারের কাছে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে পেছন দিক থেকে ধাক্কা দিলে জ্ঞ্যায়ার্সি রাস্তায় পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। অমিতও এ দুর্ঘটনায় আহত হন।
ঘটনার পর তিনি আশপাশের মানুষের কাছে সাহায্য চাইলেও প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত অসহায় হয়ে তিনি স্ত্রীর মৃতদেহ মোটরসাইকেলের পেছনে বেঁধে লোনারার দিকে রওনা দেন।
এ সময় দুর্ঘটনার খবর পেয়ে দেওলাপার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে ভিডিও দেখে অমিতকে শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, খুমারি টোল প্লাজার কাছে তাকে থামানোর চেষ্টা করা হলেও তিনি না থেমে বাড়ির দিকে চলে যান। পরে পুলিশ তার বাড়ি গিয়ে তাকে আটক করে।
নাগপুর গ্রামীণ পুলিশের এসপি হর্স এ পোদ্দার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এলএনডি/এমআর






