যুক্তরাষ্ট্রের কেনটাকিতে ঘটেছে এক অদ্ভুত ঘটনা—মাত্র আট বছরের এক শিশু মায়ের ফোন ব্যবহার করে ভুলবশত আমাজনে অর্ডার করে বসেছে ৭০ হাজার ললিপপ। মোট দাম প্রায় ৪ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ১০ হাজার।
শিশুর মা, হলি লাফেভার্স, হঠাৎ ফোনে নজর বোলাতে গিয়ে টের পান যে তার ছেলে লিয়াম খেলতে খেলতে বিশাল এই অর্ডার দিয়ে ফেলেছে। ব্যাংক থেকে লেনদেনের বার্তা পেয়ে তিনি আরও বিস্মিত হন। অর্ডার বাতিলের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি, কারণ পণ্য ইতোমধ্যে ডেলিভারির পথে। কিছুক্ষণের মধ্যে ২২টি ললিপপের বাক্স তাদের বাড়িতে পৌঁছে যায়, এবং পরে জানা যায় আরও ৮টি বাক্স আসছে। সৌভাগ্যক্রমে পোস্ট অফিসে গিয়ে তিনি বাকিগুলো আটকে দিতে সক্ষম হন।
প্রথমে আমাজন কর্তৃপক্ষ তাকে ডেলিভারি প্রত্যাখ্যান করতে বলেছিল এবং অর্থ ফেরতের আশ্বাস দিয়েছিল। কিন্তু পরে তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করে, যার ফলে টাকা ফেরত পেতে বেশ ঝামেলায় পড়েন হলি। শেষমেশ তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি প্রকাশ করেন—যেখানে লিখেছিলেন, তার ছেলে ৩০ বাক্স ললিপপ অর্ডার করেছে কিন্তু আমাজন ফেরত নিচ্ছে না।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর প্রতিবেশী, বন্ধু, স্থানীয় ব্যবসায়ী এবং ব্যাংক কর্মকর্তারা উদ্বৃত্ত ললিপপ কিনে সাহায্য করেন। ব্যাপারটি গণমাধ্যমে আলোচনার জন্ম দিলে শেষ পর্যন্ত আমাজন সম্পূর্ণ অর্থ ফেরত দিতে রাজি হয়।
এলএনডি/এমআর






