চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধস ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। গানসু ও গুয়াংডং প্রদেশে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং এখনো ৩৩ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত দুই প্রদেশে টানা বৃষ্টিতে ১৯৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়। প্রবল বর্ষণের ফলে গানসুর ইউঝৌং, লানঝৌ, লিনজিয়া ও বাইয়িন জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। ইউঝৌংয়ের জিংলং পার্বত্য এলাকা থেকে ৪ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ঝড় ও বর্ষণের প্রভাবে গানসুর উত্তরপূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, ভূমিধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গুয়াংডং প্রদেশের একটি গ্রামে বড় ধরনের ভূমিধসে ৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কমপক্ষে ৩৩ জনের সন্ধান মেলেনি। এ ঘটনায় বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
চীনে বর্ষাজনিত দুর্যোগ নতুন নয়। চলতি মৌসুমের শুরু থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে।
এর আগে গত সপ্তাহে বেইজিংয়ে প্রবল বৃষ্টিতে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছিলেন। ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগ দেশজুড়ে সতর্কতা ও প্রস্তুতি জোরদারের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে।
এলএনডি/এমআর






