আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারে থাকা সব আরোহী, যাদের মধ্যে ছিলেন দেশটির দুই মন্ত্রী।
বুধবার (৬ আগস্ট) আলজাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ ঘানার আশান্তি অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ, পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদসহ আটজনের মৃত্যু হয়।
ঘানার প্রেসিডেন্ট জন মাহামার কার্যালয় থেকে চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকার ও রাষ্ট্রপতির পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
জুলিয়াস ডেব্রাহ আরও বলেন, “এই কর্মকর্তা ও সৈনিকরা দেশের কল্যাণে কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন। জাতি তাদের এই আত্মত্যাগ চিরদিন স্মরণে রাখবে।”
দুর্ঘটনায় আরও যাদের প্রাণ গেছে, তাদের মধ্যে রয়েছেন—জাতীয় নিরাপত্তা বিভাগের উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহসভাপতি স্যামুয়েল সারপং।

ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার সকালে রাজধানী আক্রা থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর ওবুয়াসি শহরের উদ্দেশে একটি বিমানবাহিনীর হেলিকপ্টার রওনা দেয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি রাডারের সঙ্গে সংযোগ হারায়। পরে জানা যায়, এটি দুর্ঘটনায় পড়ে এবং হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু ও পাঁচ যাত্রীর কেউই বেঁচে নেই।
প্রাথমিকভাবে নিহতদের নাম প্রকাশ না করা হলেও পরে সরকার নিশ্চিত করে—এই যাত্রায় ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যারা সবাই প্রাণ হারিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ একজন চিকিৎসক হিসেবে পেশাগত জীবন শুরু করলেও পরবর্তীতে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত জন মাহামার সরকারের সময় যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি।
সম্প্রতি তিনি বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। গত মে মাসে তিনি ঘানার প্রতিনিধিদলের নেতৃত্বে ওয়াগাডুগু সফর করেন।
বোআমাহ শিগগিরই “এ পিছফুল ম্যান ইন এন আফ্রিকান ডেমোক্রেসি” নামে একটি বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন, যেখানে তিনি প্রয়াত প্রেসিডেন্ট জন আত্তা মিলসকে নিয়ে লিখেছিলেন।
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশের সব জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়েছে এবং প্রেসিডেন্ট মাহামা তার সব সরকারি কর্মসূচি বাতিল করেছেন।
এলএনডি/এমআর






