ইয়েমেনের উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে পৌঁছেছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই দুর্ঘটনায় এখনও ৭৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। গত রোববার সন্ধ্যায় ইয়েমেনের আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়।
আইওএমের তথ্য অনুযায়ী, প্রায় ১৫৭ জন অভিবাসী বহনকারী নৌকাটির উদ্ধার কার্যক্রম এখনও চলছে। আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ বলেন, নৌকাটি মানব পাচারকারীদের ব্যবহৃত একটি ঝুঁকিপূর্ণ রুটে চলছিল। ভবিষ্যতে উন্নত জীবনের আশায় সৌদি আরবগামী অভিবাসীদের জন্য ইয়েমেন একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ হিসেবে বিবেচিত হয়। আইওএমের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক কয়েক মাসে এই রুটে শত শত মানুষ নৌকাডুবিতে নিহত বা নিখোঁজ হয়েছে।
আইওএমের একজন মুখপাত্র এ মর্মান্তিক নৌকাডুবিতে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এই ঘটনা তুলে ধরছে সেই কঠিন বাস্তবতা, যেখানে অভিবাসীরা চরম ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করেন, যা অনেক সময় চালিত হয় লোভী মানব পাচারকারীদের মাধ্যমে। আইওএম ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ আহ্বান জানিয়েছেন, অভিবাসীদের পাচারকারীদের হাত থেকে রক্ষা করতে আন্তর্জাতিকভাবে আইনি সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, “মানুষ যেন বৈধ ও নিরাপদ পথে অভিবাসন করতে পারে, সেজন্য সব সদস্য রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
এর আগেও, চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের ধুবাব অঞ্চলে দুইটি নৌকা ডুবে ১৮০ জনের বেশি অভিবাসী প্রাণ হারান।
আইওএমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাচারকারীরা এখন নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে ইচ্ছাকৃতভাবে খারাপ আবহাওয়ায়ও নৌকা যাত্রায় বাধ্য করছে অভিবাসীদের।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






