বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় তীব্র ক্ষোভ মমতার

Liberty News Desk
ফাইল ছবি

ভারতের দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একে অপমানজনক, অসাংবিধানিক ও জাতিগতভাবে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন।

রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠির কপি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, দিল্লি পুলিশের এক কর্মকর্তা আটজন বাংলাদেশি সন্দেহভাজনের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে বঙ্গ ভবনের কাছে ‘বাংলাদেশি জাতীয় ভাষা’-র অনুবাদক চেয়েছেন। উল্লেখ্য, বঙ্গ ভবন হলো দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের একটি সরকারি ভবন।

এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র সমালোচনা করে মমতা বলেন, বাংলা কোনো দেশের নয়, এটি একটি ভাষা—ভারতের অন্যতম সাংবিধানিক স্বীকৃত ভাষা। তিনি আরও বলেন, এটি বাঙালিদের প্রতি অবমাননা। কেন্দ্র সরকারের এই বাঙালিবিরোধী মনোভাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

দিল্লির চানক্যপুরী থানার মাধ্যমে বঙ্গ ভবনের অফিসার ইনচার্জের কাছে পাঠানো ওই চিঠি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “দেখুন, কীভাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলছে!” তিনি এই বক্তব্যের প্রমাণ হিসেবে বিতর্কিত চিঠির একটি অনুলিপিও শেয়ার করেন।

মমতা আরও বলেন, “বাংলা শুধু আমার মাতৃভাষা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা। আমাদের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ এই ভাষাতেই রচিত। বাংলা কোটি কোটি ভারতীয়র মাতৃভাষা—এই ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা অত্যন্ত অপমানজনক।”

তিনি এ ঘটনাকে কেলেঙ্কারিপূর্ণ, দেশদ্রোহী ও সংবিধানবিরোধী হিসেবে আখ্যা দেন। তার দাবি, এই ভাষা ব্যবহারের মাধ্যমে দেশের বাংলাভাষী নাগরিকদের হেয় করা হয়েছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং সকল ভারতীয়কে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এ নিয়ে দলের অন্যান্য নেতারাও সোচ্চার হয়েছেন। টিএমসির অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কুনাল ঘোষ ও ব্রাত্য বসুসহ একাধিক নেতা প্রকাশ্যে চিঠির সমালোচনা করেছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন