রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক ভূমিকম্পের পর আগ্নেয়গিরির অভ্যন্তরে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে আকাশে ৩ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের স্তর ছড়িয়ে পড়েছে, যা ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ভলক্যানোলজি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আগ্নেয়গিরির ছাইয়ের স্তম্ভ এখন পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ কিলোমিটার উঁচুতে উঠে ৫৮ কিলোমিটার পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগ্নেয়গিরিটি চূড়ায় বিস্ফোরক অগ্ন্যুৎপাত অব্যাহত রেখেছে, যেকোনো সময় ৮ কিলোমিটার উচ্চতায় ছাই নির্গমনের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার তথ্যমতে, চলমান কার্যকলাপ নিচু উচ্চতায় চলাচলকারী বিমান চলাচলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগ্নেয়গিরির আশপাশের এলাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় পূর্ণ, যেকোনো সময় শুরু হতে পারে লাভা প্রবাহ।
বুধবার ভোরে রাশিয়ার সুদূর পূর্বে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে ৪ মিটার (১৩ ফুট) উচ্চতার সুনামি সৃষ্টি হয় এবং তা উপকূলের বিভিন্ন অংশে আঘাত হানে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির খবর আসছে বিভিন্ন এলাকা থেকে।
যদিও আন্তর্জাতিক বিমান চলাচলের প্রধান রুট ক্লিউচেভস্কয় অঞ্চলের ওপর দিয়ে নয়, তথাপি আঞ্চলিক বিমান চলাচলের জন্য ‘কমলা রঙের’ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণের প্রভাবে জাপানের উপকূলে সুনামির ঢেউ পৌঁছেছে। পাশাপাশি ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সুনামি সতর্কতা জারি করেছে। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও প্রস্তুতি বাড়ানো হচ্ছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






