দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। শুক্রবার উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে গোলাবর্ষণে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে।
সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র, চীন এবং মালয়েশিয়া মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করলেও থাইল্যান্ড তা প্রত্যাখ্যান করেছে। ব্যাংকক জানিয়েছে, সংকট সমাধানে বাইরের হস্তক্ষেপ নয়, বরং কেবলমাত্র দ্বিপাক্ষিক আলোচনাই গ্রহণযোগ্য।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “নমপেনকে অবশ্যই গোলাগুলি বন্ধ করতে হবে এবং আলোচনা করতে হবে সরাসরি আমাদের সঙ্গে—তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ কাম্য নয়।”
এই সংঘর্ষকে গত দশকের মধ্যে অন্যতম বড় সীমান্ত উত্তেজনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই থাইল্যান্ডের বেসামরিক নাগরিক।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোর্নদেজ বালানকুরা বলেন, “বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা এখনই বাইরের কোনো হস্তক্ষেপে আগ্রহী নই।”
দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে ফের মুখোমুখি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বৃহস্পতিবার সকালে বিতর্কিত সীমান্ত এলাকায় সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত হালকা অস্ত্রের গুলিবিনিময় থেকে ভারী গোলাবর্ষণে রূপ নেয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন সীমান্ত অঞ্চলে।
প্রাথমিক গোলাবর্ষণে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থাইল্যান্ড এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বোমা হামলা চালায়। থাই সেনাবাহিনীর ভাষ্য, এই আক্রমণ শুধু নির্দিষ্ট সামরিক লক্ষ্যে চালানো হয়েছে।
তবে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘বেপরোয়া এবং নৃশংস আগ্রাসন’ বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, থাইল্যান্ড ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়েছে।
এদিকে সীমান্ত পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। তবে থাই সরকার এখনো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই উত্তেজনার সমাধান চায় বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






