পাকিস্তানে নতুন করে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। সে সঙ্গে পাহাড়ি অঞ্চলে ভূমিধস, আকস্মিক বন্যা ও বজ্রপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। এসবের ফলে মৃতের সংখ্যা ২২১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুর্যোগ মোকাবেলা সংস্থা মৃত্যুর সংখ্যাটি জানায়। খবর জিওটিভি নিউজের।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলছে, ভারী বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন। আর এই বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে দুর্ঘটনায় ৫৯২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭৭ জন পুরুষ, ৪০ জন নারী এবং ১০৪ জন শিশু। বর্তমানে পাঞ্জাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ। সেখানে ১৩৫ জন মারা গেছেন এবং ৪৭০ জন আহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়ায় ৪০ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৯ জন আহত হয়েছেন। সিন্ধুতে ২২ জন নিহত এবং ৪০ জন আহত। বেলুচিস্তানে ১৬ জনের মৃত্যু। আজাদ কাশ্মীরে ১জনের মৃত্যু এবং ৬জন আহত। গিলগিট-বালতিস্তানে ৩জন হতাহতের খবর পাওয়া গেছে। ইসলামাবাদে ১জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অনেক হতাহতের খবর রয়েছে।
তবে বেশিরভাগ মৃত্যুর কারণ কাঠামোগত ধস, ডুবে যাওয়া, ভূমি ধস, আকস্মিক বন্যা, বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট।
এনডিএমএ রিপোর্টে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫টির বেশি বাড়ি ধসে পড়েছে। ৫টি গবাদি পশু মারা গেছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে ৮০৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং ২০০টি গবাদি পশু মারা গেছে।
এদিকে কর্তৃপক্ষ নতুন করে বাবুসারে বন্যার জরুরি অবস্থা জারি করেছে। সেখানে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাবুসার টপের আশেপাশে ৭-৮ কিলোমিটার ব্যাসার্ধে আকস্মিক বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়েছে। আটকে পড়া পর্যটকদের নিরাপদে চিলাসে সরিয়ে নেওয়া হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






