মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে এবার মুখ খুললেন ইয়েমেনের হুথি গোষ্ঠীর শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুথি। বৃহস্পতিবার (২৬ জুন) এক টেলিভিশন ভাষণে তিনি ইরানকে “ইহুদিবাদী” ইসরায়েলি শাসনের বিরুদ্ধে “গৌরবময় বিজয়” অর্জনের জন্য অভিনন্দন জানান এবং দাবি করেন, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।
বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত ভাষণে আল-হুথি বলেন, ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ শুধুমাত্র তেহরানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি ঐতিহাসিক বিজয়। ইসরায়েলের ওপর ইরানের হামলাকে “ইসলামী উম্মাহ’র জন্য বিজয়” হিসেবে তিনি আখ্যা দেন। এই বক্তব্য এমন সময় এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে এবং একাধিক আঞ্চলিক শক্তি এতে নিজেদের অবস্থান স্পষ্ট করছে।
আব্দুল মালিক আল-হুথি তার এক ভাষণে বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী সত্তার (ইসরাইলের) জন্য এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে।” তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো পশ্চিমা শক্তিগুলোকেও ‘ইসরায়েলের অপরাধী মিত্র’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, “এই পরাজয় শুধু ইসরায়েলের নয়, বরং তার মিত্র শক্তিগুলোরও।” তার মতে, এই হামলার মধ্য দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, মুসলিম বিশ্ব নিজেদের রক্ষা করতে সক্ষম।
তিনি আরও বলেন, ইসলামী দুনিয়া দীর্ঘদিন ধরে শত্রুদের দ্বারা সৃষ্টি সংকটে জর্জরিত, তবে মুসলমানরা আল্লাহর ওপর আস্থা রেখে সকল ধরণের বিপদ মোকাবিলা করে আসছে। ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতি নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, “তেলআবিব সরকারকে মাত্র একটি হামলার জন্য প্রস্তুত হতে এক বছরেরও বেশি সময় লেগেছে।”
আল-হুথি পাকিস্তানের প্রতিক্রিয়াকে প্রশংসা করে বলেন, তারা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে এক অন্তর্দৃষ্টিপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একইভাবে তিনি তুরস্কের বক্তব্যেরও প্রশংসা করেন, যারা ইসরায়েলের বিমান হামলার কড়া সমালোচনা করেছে।
সবশেষে তিনি এ কথা বলেন, “ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলিরা ভয়াবহ আতঙ্কে ছিল, বোমা শেল্টারে আশ্রয় নিয়েছিল, এবং নিজেদের রক্ষা করতে পারেনি। এটি ইসরায়েলের জন্য এক নজিরবিহীন অভিজ্ঞতা।” আব্দুল মালিক আল-হুথির এই বক্তব্য শুধুমাত্র ইরানকে সমর্থন নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধের একটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র : মেহের নিউজ
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






