গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ফিলিস্তিন জলসীমার কাছাকাছি

Liberty News Desk
Collected

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনের জলসীমায় পৌঁছাবে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘ম্যাডলিন’ জাহাজটি। রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান জাহাজে থাকা ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

রিমা লেখেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমরা ফিলিস্তিনের জলসীমায় পৌঁছাব, যা অবৈধভাবে দখল ও নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।’

ইতালি থেকে ছেড়ে আসা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ‘ম্যাডলিন’ জাহাজটি গাজার ক্ষুধার্ত জনগণের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে উপত্যকার পথে রওনা হয়েছে।

জাহাজটিতে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী। গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং গাজাবাসীদের নিকট ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তারা এই অভিযানে অংশ নিয়েছেন।

২০০৭ সাল থেকে গাজার স্থল, নৌ ও আকাশপথ অবরোধ করে রেখেছে ইসরায়েল।

‘ম্যাডলিন’ গত ১ জুন ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যশিকারির নামানুসারে জাহাজটির নাম ‘ম্যাডলিন’ রাখা হয়েছে।

জাহাজটি মাল্টার উপকূলে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত আরেকটি ত্রাণবাহী জাহাজ ‘কনসায়েন্স’-এ বোমা হামলার মাত্র এক মাসের মাথায় রওনা দেয় ।

গাজায় সহায়তা পাঠানোর সর্বশেষ উদ্যোগ হিসেবে ‘ম্যাডলিন’ যাত্রা শুরু করে। গত ২ মার্চ থেকে গাজায় পুরোপুরি ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে সেই অঞ্চলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, গাজার ২৩ লাখের বেশি বাসিন্দার মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ চরম খাদ্যসংকটে ভুগছেন।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজটিতে গাজাবাসীদের জন্য জরুরি ত্রাণসামগ্রী রয়েছে। এর মধ্যে আছে—চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ এবং শিশুদের কৃত্রিম অঙ্গ।

‘ম্যাডলিন’ জাহাজটি প্রায় ২,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাত দিনের মধ্যে গাজায় পৌঁছানোর কথা, যদি যাত্রাপথে কোনো বাধার মুখে না পড়ে।

তবে, ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ম্যাডলিন’ জাহাজটিকে গাজা উপকূলে পৌঁছাতে দেবে না বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জাহাজটি বাধা অমান্য করলে তা জব্দ এবং আরোহীদের আটক করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এলএনডি/এম আর

English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন