নরওয়ের এক বাসিন্দা ঘুম ভাঙতেই দেখলেন বাড়ির সামনে বিশাল কার্গো জাহাজ!

Liberty News Desk
ছবি: সংগৃহীত

ঘুম থেকে উঠেই যদি দেখেন এক বিশাল জাহাজ আপনার বাড়ির উঠোনের সামনে ঠায় দাঁড়িয়ে আছে, তাহলে কেমন লাগবে? আতঙ্কিত হবেন নিশ্চয়ই! এমনটাই ঘটেছে নরওয়ের য়োহান হেলবার্গ নামের এক ব্যক্তির সাথে।

একজন নরওয়েজীয় ব্যক্তি ঘুম ভেঙে চোখ মেলেই যা দেখলেন, তার সামনের বাগানে গিয়ে ধাক্কা মেরেছে বিশাল এক কনটেইনার জাহাজ!

নরওয়ের ট্রন্ডহেইম শহরের কাছে বাইনেসেট এলাকায় ওই বিশাল কার্গো জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে পড়ে। জাহাজটি য়োহান হেলবার্গের ঠিক বাড়ির সামনের বাগানে গিয়ে থামে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ‘এনসিএল সাল্টেন’ নামের ১৩৫ মিটার দৈর্ঘ্যের সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি আর একটু হলে বাড়ির ওপরেই উঠে যেত।

ঘটনাস্থলের কাছাকাছিই হেলবার্গের বাড়ি। জাহাজটি যখন উপকূলে ছুটে আসছিল, তখন তিনি কিছুই টের পাননি। ওটাকে প্রায় ৩০ কিলোমিটার গতিতে ছুটে আসতে দেখে আতঙ্কিত এক প্রতিবেশী হেলবার্গকে ঘুম থেকে ডেকে তোলেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিটু-কে হেলবার্গ বলেন, ‘আমি জানালার দিকে তাকিয়ে দেখি বিশাল এক জাহাজ ঠিক সামনে দাঁড়িয়ে। সেটার ওপরের অংশ দেখতে ঘাড় বাঁকাতে হয়। পুরো ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য।’

প্রতিবেশী য়োস্টেইন ইয়োর্গেনসেন জানান, জাহাজটি পুরো গতিতে তীরের দিকে এগিয়ে আসার শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর তিনি দ্রুত হেলবার্গের বাড়িতে ছুটে যান।

টিভিটু-কে ইয়োর্গেনসেন বলেন, ‘আমি ভেবেছিলাম সে (হেলবার্গ) হয়তো আগেই বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু বাড়ির ভেতরে কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। বারবার দরজার ঘণ্টা বাজিয়েও কোনো সাড়া পাইনি। পরে ফোন করে যোগাযোগ করতে পারি।’

জাহাজটিতে মোট ১৬ জন ক্রু ছিলেন—তারা নরওয়েজীয়, লিথুয়ানিয়, ইউক্রেনীয় ও রুশ নাগরিক।

ট্রন্ডহেইম ফিয়র্ড ধরে দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে ওর্কানগারের দিকে যাওয়ার পথে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে পড়ে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কেউ আহত হননি।

কী কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। নরওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগেও জাহাজটি ২০২৩ সালে ডাঙায় উঠে পড়েছিল, তবে সে সময় নিজ শক্তিতেই পুনরায় পানিতে ফিরে যায়।

হেলবার্গ বলেন, ‘আপাতত জাহাজটি বেশ বড়সড় এক নতুন “প্রতিবেশী”। তবে আশা করি, এটি খুব তাড়াতাড়িই চলে যাবে।’

এলএনডি/বিজি

English News : https://www.libertynewsbd.com

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com

X : https://www.x.com/libertynewsbd

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন