গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতার-মিসরের

Liberty News Desk
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিশ্চিতে নতুন প্রস্তাবনা দিয়েছে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা। এতে রয়েছে বন্দি বিনিময়, ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ও যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির প্রস্তাব।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা একটি নতুন পরিকল্পনা উত্থাপন করেছেন। ইসরায়েল-হামাস সংঘাতের আলোচনায় যুক্ত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান, এই প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের একটি যুদ্ধবিরতির রূপরেখা রয়েছে।

প্রস্তাবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাসের প্রতিনিধি দল কায়রো যাচ্ছেন। প্রতিনিধি দলে থাকছেন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও প্রধান আলোচক খলিল আল-হাইয়া।

উল্লেখ্য, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় পুনরায় হামলা চালায়। এরপর উভয়পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করে।

এর আগেও ইসরায়েল ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যেখানে হামাসের নিরস্ত্রীকরণের শর্ত ছিল। হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, হামাস ধ্বংস ও সব জিম্মির মুক্তি না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ বন্ধ করবেন না। হামাস এর জবাবে জানায়, যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা ছাড়া কোনো জিম্মি মুক্তি সম্ভব নয়।

বিবিসিকে দেওয়া আরও এক বক্তব্যে ফিলিস্তিনি ওই কর্মকর্তা জানান, হামাস গাজা শাসনের ভার এমন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দিতে রাজি, যা জাতীয় ও আঞ্চলিকভাবে সমর্থিত। এটি হতে পারে পশ্চিম তীরের বর্তমান পিএ বা একটি নতুন প্রশাসনিক কাঠামো। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজার ভবিষ্যৎ শাসনে পিএ’র কোনো ভূমিকা থাকবে না।

যদিও আলোচনার ফলাফল অনিশ্চিত, তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, “এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং হামাস এবার ‘অভূতপূর্ব নমনীয়তা’ দেখাচ্ছে, যা অতীতে দেখা যায়নি।”

এলএনডি/বিজি

TAGGED:
শেয়ার করুন