আজ রোববার, ২১ ডিসেম্বর—বছরের সবচেয়ে দীর্ঘ রাত। চাঁদের আলোয় ভর করে এই রাতেই মানুষ পাবে চলতি বছরের দীর্ঘতম রাতের অভিজ্ঞতা। অন্যদিনের তুলনায় আজ রাতে সময় যেন একটু ধীর হয়ে আসে। চাইলে এক বসায় একটি বই শেষ করা যায়, পুরো একটা সিনেমা দেখার জন্য বাড়তি সময় পাওয়া যায়, কিংবা যারা ঘুম ভালোবাসেন তারা আজ একটু বেশি সময় নিশ্চিন্তে ঘুমোতে পারেন। কারণ আজকের রাতটি সত্যিই অন্য রাতগুলোর চেয়ে বড়।
এর বিপরীতে আগামীকাল সোমবার হবে বছরের সবচেয়ে ছোট দিন। এই ঘটনা ঘটবে উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলোতে। তবে দক্ষিণ গোলার্ধে পরিস্থিতি হবে সম্পূর্ণ উল্টো—সেখানে এ সময় দিন হবে দীর্ঘতম আর রাত হবে সবচেয়ে ছোট।
এই দীর্ঘ রাতের পেছনে মূল কারণ সূর্যের দক্ষিণায়ন। প্রতি বছর ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ঠিক ওপর অবস্থান করে। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে, ফলে সেখানে সূর্যের আলো কম পড়ে এবং রাত দীর্ঘ হয়।
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন ও রাতের দৈর্ঘ্যেও পরিবর্তন আসে। ডিসেম্বর মাসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে, আর উত্তর গোলার্ধ সরে যায় কিছুটা দূরে। এর ফলেই উত্তরে সূর্যালোক দুর্বল হয়ে পড়ে এবং শীতকাল শুরু হয়। একই সময়ে দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল।
২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে সূর্যের আলো সবচেয়ে কম সময় ধরে পড়ে। তাই দিন খুব দ্রুত শেষ হয়ে যায় এবং রাত দীর্ঘ হয়। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে বলা হয় উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন। এ সময় দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সর্বোচ্চ এবং উত্তর গোলার্ধে রাত হয় বছরের দীর্ঘতম।
এলএনডি/এমআর






