খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের নাম শুনলে অনেকেই জানেন না এই নিরবে বসে থাকা মাটির বুকেই রচিত হয়েছিল নারী জাগরণের এক অবিস্মরণীয় অধ্যায়। ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শুধু একটি বিদ্যালয়ের নাম নয়, এটি উপমহাদেশের নারী শিক্ষার ইতিহাসে এক অমূল্য মাইলফলক।
১৮৫০ সাল। তখনো উপমহাদেশে নারীশিক্ষা মানেই সমাজের চোখ রাঙানি, চারপাশের কুসংস্কার আর অবিশ্বাসের দেওয়াল। সে সময়েই রাড়ুলীর শিক্ষানুরাগী হরিশ চন্দ্র রায় সেই দেয়াল ভেঙেছিলেন সাহস আর বিশ্বাসের হাতুড়ি দিয়ে। তিনি স্বপ্ন দেখেছিলেন,মেয়েরাও মানুষ, তাদেরও পড়ার অধিকার আছে।
রাড়ুলীর সেই ইতিহাসের পেছনে ছিলেন আরেক ইতিহাস-পুরুষ। একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ গ্রামে বেড়াতে এসে হরিশ চন্দ্রকে বলেছিলেন, ‘মেয়েদের জন্য আলাদা স্কুল গড়তে হবে।’ বিদ্যাসাগরের কথা হরিশ চন্দ্র শিরোধার্য করেছিলেন। শুধু স্কুল নয়—নিজের স্ত্রীর নামেই এর নাম রেখেছিলেন ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়। সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, নারী শিক্ষা লজ্জার নয়—গৌরবের। আর সাহসিকতার নিদর্শন হিসেবে প্রথম ছাত্রী করেছিলেন নিজের স্ত্রী ভুবন মোহিনীকে।
রাড়ুলী গ্রামের গর্ব এখানেই শেষ নয়। এখানেই ১৮৬১ সালের ২ আগস্ট জন্ম নেন উপমহাদেশের শ্রেষ্ঠ রসায়নবিদ, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়)। নারী শিক্ষা আর বিজ্ঞান চর্চার এমন যুগল সাক্ষী আজ আর কোথাও মেলে না।
আজ আমরা নারী শিক্ষার প্রসার নিয়ে যতই গর্ব করি, রাড়ুলীর ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়ের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়,বাংলার মাটিতেই বোনা হয়েছিল নারী মুক্তির বীজ। হরিশ চন্দ্র রায়ের সাহস, বিদ্যাসাগরের স্বপ্ন আর ভুবন মোহিনীর অগ্রদূতের ভূমিকা এই স্কুলটিকে দিয়েছে এক অনন্য মর্যাদা।
১৭৫ বছরের বেশি সময় পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে সেই বিদ্যালয়। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে আলোর প্রদীপ। বাংলার গ্রামীণ অজ পাড়াগাঁয়ে জন্ম নেওয়া সেই সাহসী উদ্যোগ প্রমাণ করে সমাজ বদলের জন্য বড় কোনো রাজধানীর দরকার হয় না, দরকার হয় বড় মনের মানুষের।
এই ইতিহাস আমাদের গর্ব, আমাদের দায়িত্বও। নতুন প্রজন্ম যখন নারী শিক্ষা, সমতার কথা শিখছে, তখন মনে রাখতে হবে,একটা গ্রামের অজানা কোনায় একদল মানুষ শত বছর আগে সেই স্বপ্ন দেখেছিল। আর তাদের সেই স্বপ্নই আজকের পথ দেখাচ্ছে অগণিত মেয়েকে যারা আর থেমে যাবে না কোনো দেয়ালে।
লিখেছেন -তারিক লিটু, হেড অব নিউজ, লিবার্টি নিউজ






