হাদির মৃত্যুতে তারকাদের শোক

Liberty News Desk

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন হাদি। গুলিবিদ্ধ হয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। টানা ছয় দিন জীবন-মৃত্যুর লড়াই শেষে থেমে যায় এই প্রতিবাদী তরুণ নেতার পথচলা।

শহিদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে শোকের আবহ নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের বহু পরিচিত মুখ তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।

হাদির একটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লেখেন, শহিদ ওসমান বিন হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে স্মরণীয় থাকবেন।

হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি পোস্ট করে চিত্রনায়ক সিয়াম আহমেদ লেখেন, “নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।”

নির্মাতা আশফাক নিপুণ লেখেন, “ওসমান হাদি, শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন এবং আপনার পরিবার ও নবজাতককে শক্তি দিন। আপনাকে হত্যা করা গেলেও আপনার শুরু করা সংগ্রাম থামানো যাবে না। খুনিদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।”

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শোক জানিয়ে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটি মনে রাখুন—শহিদ, বীর শরীফ ওসমান হাদি।” পরে এক দীর্ঘ পোস্টে তিনি বাকস্বাধীনতা, ভিন্নমত ও মানুষের জীবনের মূল্য নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তার লেখার শেষাংশে উল্লেখ করেন—শরীফ ওসমান হাদি (১৯৯৩–ইনফিনিটি)।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল শোক প্রকাশ করে লেখেন, “এটি সত্যিই হৃদয়বিদারক এবং মেনে নেওয়া কঠিন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার শোকাহত পরিবারকে, বিশেষ করে তার ছোট শিশুটিকে ধৈর্য ও শক্তি দেন। আমরা এমন ভবিষ্যৎ চাই, যেখানে মানুষের জীবনের মূল্য সবার আগে থাকবে।”

তরুণ অভিনেতা আরশ খান ক্ষমতা ও মানবজীবনের গুরুত্ব নিয়ে লেখেন, “এক এক করে নিভে যাওয়া এই আলোগুলো—যে পরিচয়ই থাকুক না কেন—সবাই এই দেশের অংশ ছিল, কারও না কারও সন্তান ছিল। ক্ষমতা হয়তো জয়ী হতে পারে, কিন্তু পৃথিবীটাই যদি থেমে যায়, তখন কী থাকবে?”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ছয় দিনের কঠিন লড়াই শেষে নীরবে নিভে যায় এক প্রতিবাদী কণ্ঠ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন