তিন বছর আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘কান্তারা’ দর্শকের মনে দারুণ সাড়া ফেলেছিল। সেই সফল ছবির পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি এবার ফিরেছেন নতুন গল্প নিয়ে— ‘কান্তারা: চ্যাপটার ১’। প্রায় ১২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই প্রিক্যুয়েলটি ২ অক্টোবর মুক্তি পায় এবং মুক্তির প্রথম দিনেই ৬১ কোটি রুপির ব্যবসা করে চমক সৃষ্টি করে। মাত্র পাঁচ দিনেই বিশ্বজুড়ে ছবিটির আয় ৪১৫ কোটি রুপিরও বেশি, এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
২০২২ সালে মহামারির পর ‘কান্তারা’ ছবিটি ভারতীয় সিনেমায় নতুন প্রাণ এনে দিয়েছিল। ঋষভ শেট্টি নিজেই ছিলেন সেই ছবির নায়ক, পরিচালক ও প্রযোজক। তবে ছবির সাফল্যের পর তিনি দীর্ঘ তিন বছরের বিরতি নেন। এবার ‘চ্যাপটার ১’-এর মাধ্যমে তিনি আবারো প্রমাণ করেছেন নিজের সক্ষমতা— দর্শকের উচ্ছ্বাসে ভরে উঠেছে প্রেক্ষাগৃহ।
ছবিটি মুক্তি পেয়েছে পাঁচটি ভাষায়— কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দিতে। একই দিনে মুক্তি পায় বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। তবে বক্স অফিসে ‘কান্তারা: চ্যাপটার ১’-এর সামনে টিকতে পারেনি সেই ছবি।
শুধু ভারতেই মুক্তির প্রথম তিন দিনে ২০০ কোটির বেশি আয় করে ফেলে ‘কান্তারা: চ্যাপটার ১’। প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ছবিটি পা রাখে ৫০০ কোটির ক্লাবে। এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ ১’ এত দ্রুত এই মাইলফলক ছুঁয়েছিল, কিন্তু এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে ঋষভ শেট্টির ‘কান্তারা: চ্যাপটার ১’।
এলএনডি/এমআর






