স্বাধীনতার পর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে ক’জন উজ্জ্বল নক্ষত্র আছেন, তাদের মধ্যে অন্যতম মাসুদ পারভেজ সোহেল রানা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। শুধু তাই নয়, তিনি একজন মুক্তিযোদ্ধাও। তবে সেই গৌরবময় পরিচয় নিয়েও এখন অনেকটা হতাশা ও বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
কিছুদিন আগে অভিনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ছবি ‘ওরা ১১ জন’ আমি প্রযোজনা করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আজ আমার কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কিংবা পরিচয়পত্রের কোনো মূল্য নেই।” এ ক্ষোভ মূলত চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন ভোগান্তির কারণে জন্ম নিয়েছে বলে জানান তিনি।
বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে সোহেল রানা বলেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। কখনও ভালো বোধ করি, কখনও অসুস্থ লাগে—এইভাবেই দিন কাটছে।”
মুক্তিযোদ্ধা পরিচয় প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই কার্ডের কোনো কার্যকারিতা নেই। ভিআইপি বা সিআইপি কোনো সুবিধাই মেলে না। আমি আমার কার্ড বাড়িতেই ফেলে রেখেছি। কারণ দেশ ও মানুষের জন্য যা করেছি, সেটাই আমার তৃপ্তি।”
অভিনেতার ভাষ্য অনুযায়ী, কিছুদিন আগে হাসপাতালে গিয়ে তিনি সাধারণ রোগীর মতোই সেবা পেয়েছেন, কোনো আলাদা সুবিধা পাননি। তিনি মনে করেন, হাসপাতালগুলো এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো চলছে। এ কারণেই ক্ষোভ থেকে ফেসবুকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।
বিভিন্ন পুরস্কার ও সম্মাননার প্রসঙ্গে সোহেল রানা বলেন, “আজীবন সম্মাননা পেয়েছি সিনেমার জন্য, দর্শকদের ভালোবাসার জন্য। আমি কখনোই কোনো বিশেষ সুবিধা চাইনি, আগামীতেও চাইব না। আমি শুধু চাই, যার যে দায়িত্ব, সে যেন তা নিষ্ঠার সঙ্গে পালন করে। প্রতিটি মানুষ যেন প্রাপ্য সেবা পায়, কষ্ট না ভোগ করে।”
এলএনডি/এমআর






