একসময় ঢালিউড তারকা পরীমণির জন্মদিন ঘিরে নানা আলোচনা-সমালোচনা হতো। তবে সন্তান জন্মের পর তিনি ঘোষণা দিয়েছিলেন—নিজের জন্মদিন আর জাঁকজমকভাবে পালন করবেন না, বরং সন্তানের জন্মদিনকেই গুরুত্ব দেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১০ আগস্ট ছেলে রাজ্যের তৃতীয় জন্মদিন আয়োজন করেছিলেন তিনি।
সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ছয় দিন পর পরীমণি অবাক হয়ে দেখেন ব্যক্তিগত সেই আয়োজনের দৃশ্য সামাজিক মাধ্যমে ঘুরছে। এমনকি অনুষ্ঠানে আমন্ত্রিত কয়েকজন অতিথি ব্যক্তিগত অনুষ্ঠানকে ব্যবসায়িক ভ্লগে পরিণত করে ছড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন তিনি।
শনিবার নিজের ফেসবুক পোস্টে পরীমণি লেখেন—“আমার আনন্দে যাদের কাছে চাই, তারা-ই প্রমাণ করছে যে তারা আমার জীবনে নেতিবাচক প্রভাব ছাড়া কিছু নয়। খেয়াল করলে দেখবেন, ১০ আগস্ট থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে সক্রিয় নই। অথচ আজ ঢুকতেই দেখি, অনেকে আমার সন্তানের জন্মদিন নিয়ে রিলস ও ভ্লগ বানিয়ে ভরিয়ে ফেলছে। অথচ আমি নিজে এখনো একটি ছবিও প্রকাশ করিনি। আমার পরিবারের সত্যিকারের কাছের মানুষরা কিন্তু এমন কিছু করেনি।”
এর আগে গত মাসেই তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন—তার সন্তানরা কোনোভাবেই ব্যবসায়িক কনটেন্ট নয় এবং এ নিয়ে কোনো ধরনের প্রচারণা তিনি বরদাস্ত করবেন না। তবুও নিজের আয়োজনে সেটি ঠেকানো যায়নি।
ক্ষোভ প্রকাশ করে পরীমণি আরও লেখেন—“যারা অন্যের ব্যক্তিগত মুহূর্তকে প্রকাশ্যে টেনে আনে, তারা প্রকৃত অর্থেই গালির যোগ্য। মাসজুড়ে কয়েক ডলার কামানোর জন্য এইসব লোকজন মানুষের মূল্যবান সময়কে নষ্ট করে। ভবিষ্যতে এমন কারও মুখোমুখি হলে থামতে দেব না, কারণ আমি আগেই স্পষ্ট করেছিলাম—আমার সন্তানেরা কোনো ব্যবসায়িক উপাদান নয়।”
এলএনডি/এমআর






