অভিনেত্রী শমী কায়সার জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
গত বছরের ৫ নভেম্বর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চলতি বছরের ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় তার জামিন মঞ্জুর করেন।
এ ছাড়া ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাতেও তিনি জামিন পান। অন্য কোনো মামলা না থাকায় তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।
এলএনডি/এমআর






