মেহের আফরোজ শাওন ও নুসরাত ইমরোজ তিশা—দুজনই শোবিজের জনপ্রিয় মুখ এবং নানামুখী প্রতিভার অধিকারী। একসময় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বর্তমানে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছেন শাওন।
রবিবার শাওন সামাজিক মাধ্যমে তিশার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিশাকে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে অভিনয় নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে দেখা যায়। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শেখ হাসিনার সঙ্গে তিশার কিছু ছবিও অন্তর্ভুক্ত ছিল।
ভিডিও শেয়ার করার সময় শাওন সরাসরি তিশার নাম উল্লেখ না করে ‘এই মেয়েটি’ বলে সম্বোধন করেন। তিনি লেখেন, ছোটবেলা থেকেই তিশাকে চেনেন—নতুন কুঁড়িতে শাওনের ছোটবোনের সঙ্গে একই ব্যাচে গান শিখতেন, এমনকি একই গানের শিক্ষকের কাছ থেকেও তালিম নিয়েছেন। শাওনের ছোটবোন তাকে ‘আপুনি’ ডাকতেন, আর তিশাও সেই একই নামে ডাকতো, ফলে তিনি তিশাকে বোনের মতোই দেখতেন।
শাওন আরও উল্লেখ করেন, ১৯৯৬ সালের জাতীয় সংসদে তার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক এমপি তিশার আত্মীয় ছিলেন। সেই সূত্রে নানা অনুষ্ঠান ও প্ল্যাটফর্মে তিশার সঙ্গে দেখা হতো। পরে শাওনের পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে কাজ করার সময় দুজন দীর্ঘ সময় কাছাকাছি ছিলেন। এফডিসির কোনো কোনো সভায় তিশাকে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা’ বলে সম্বোধন করে বিভিন্ন অনুরোধ করতে দেখেছেন বলেও তিনি লিখেছেন।
সবশেষে শাওন লিখেন, ‘‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’
হ্যাশট্যাগে তিনি লিখেছেন—‘নাটক কম করো পিও’।
এলএনডি/এমআর






