বলিউডের পর্দায় শাহরুখ খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী শিবা চাড্ডা। নব্বই দশকের শেষ দিকে ‘দিল সে’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করা এই শিল্পী সম্প্রতি কিং খানের সঙ্গে কাজের কিছু অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। সিদ্ধার্থ কাননের এক পডকাস্টে ৫২ বছর বয়সী শিবা জানান, কলেজ জীবনের সেই সিনিয়র শাহরুখ শুধু সহ–অভিনেতা নন, তাঁর কাছে এক অনুপ্রেরণার নাম।
পডকাস্টে শিবা বলেন, “‘দিল সে’-তে আমার চরিত্র ছিল খুবই ছোট, এমনকি আমি প্রায় ভুলেই গিয়েছিলাম সেটা কী ছিল। তখন ডালহৌসিতে শুটিং চলছিল। শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়াটাই ছিল বড় ঘটনা। মণীষা কৈরালা সেদিন ব্যক্তিগত কারণে সেটে ছিলেন না, অথচ তুষারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট ছিল—শাহরুখ ও মণীষার হাঁটার দৃশ্য। তখন পরিচালক মণি রত্নম এসে আমাকে অনুরোধ করেন, মণীষার পোশাক পরে তাঁর বডি ডাবল হিসেবে দৃশ্যে হাঁটতে।”
শাহরুখ তাঁর কলেজ হংস রাজের সিনিয়র ছিলেন বলেও উল্লেখ করেন শিবা। তিনি বলেন, “‘জিরো’ ও ‘রইস’-এ আমি তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছি, অথচ তিনি আমার কলেজের সিনিয়র ছিলেন। বিষয়টি তাঁকে মনে করিয়ে দিইনি।”
তিনি আরও যোগ করেন, “‘রইস’-এর শুটিং চলাকালে শাহরুখ দিল্লিতে এক সাক্ষাৎকারে গিয়ে বলেছিলেন—এই সিনেমায় এক অভিনেত্রী আছেন, যিনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, তাঁকে দেখুন, অসাধারণ অভিনয় করেছেন। অথচ আমাদের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। শাহরুখ সত্যিই আলাদা ধরনের একজন মানুষ।”
শিবার ভাষ্যে, শুটিংয়ে যদি তাঁর শরীর স্পর্শ করার প্রয়োজন হতো, তবে আগে অনুমতি নিতেন শাহরুখ। তিনি বলেন, “একটি আলিঙ্গনের দৃশ্য ছিল, যেখানে শাহরুখ মার খাচ্ছে আর আমি তাঁকে রক্ষা করব। শুট শুরু হওয়ার আগে তিনি এসে জিজ্ঞাসা করলেন, ‘আমি কি আপনাকে স্পর্শ করতে পারি?’ আমি সম্মতি দিই। সেটে যাওয়ার আগেই তিনি আমার নাম জানতেন—এটা ছিল এক বিশেষ অনুভূতি।”
এলএনডি/এমআর






