দেশের স্বর্ণবাজারে আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে। একদিনের ব্যবধানে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই দাম বুধবার থেকে কার্যকর হবে।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা করা হয়েছিল। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম ৮ হাজার টাকারও বেশি বৃদ্ধি পেল।
বিশ্লেষকদের মতে, স্বর্ণের এই ঊর্ধ্বগতি মূলত বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব। সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এতে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা ও দাম দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মঙ্গলবার বিশ্ববাজারে প্রতি আউন্স (প্রায় ০.৮৫৭ ভরি) স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারের কাছাকাছি পৌঁছায়। স্পট মার্কেটে দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৬.৫৫ ডলারে দাঁড়ায়। লেনদেনের এক পর্যায়ে তা সর্বোচ্চ ৪ হাজার ৪৯৭.৫৫ ডলারে ওঠে। একই সঙ্গে রূপার দামও বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস বাজারে দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১৯.২০ ডলারে লেনদেন হচ্ছে। বিশ্ববাজারের এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতার সরাসরি প্রভাবই বাংলাদেশের স্থানীয় স্বর্ণবাজারে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এলএনডি/এমআর






