সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা চালুর দাবিতে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে একদফা আন্দোলনে নেমেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন–ক্যাডার কর্মীরা।
দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় এই বিক্ষোভ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে প্রায় ৩০০–৪০০ কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ের ভেতরে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এবং তাকে ঘেরাও করে সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে স্লোগান করতে থাকেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, এর আগে রেশন ব্যবস্থার দাবিতে অর্থ উপদেষ্টাকে ঘেরাও করলে তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা এবং নতুন পে-কমিশনের বিষয়েও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এসব ক্ষোভ জমতেই আজকের অবরোধ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন তারা।
একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বলেন, “সচিবালয়ে কর্মরত সবাইকে ২০ শতাংশ সচিবালয় ভাতা দিতে হবে—এটাই আমাদের দাবি। উপদেষ্টা, মন্ত্রী বা সচিবরা যতক্ষণ অফিসে থাকেন, আমাদেরও ততক্ষণ দায়িত্বে থাকতে হয়। অথচ বিভিন্ন দপ্তরের কর্মীরা পে-স্কেলের বাইরে নানা ভাতা পেলেও আমরা সেগুলো থেকে বঞ্চিত।”
এলএনডি/এমআর






