রপ্তানিতে বাড়ছে চ্যালেঞ্জ, এলডিসি উত্তরণে বহুমুখীকরণ জরুরি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশের রপ্তানি খাত এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে একক পণ্য ও একক বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে হঠাৎ কোনো কারণে পোশাকের বৈশ্বিক চাহিদা কমে গেলে বা কোনো নির্দিষ্ট অঞ্চলে অর্থনৈতিক বা কূটনৈতিক জটিলতা দেখা দিলে রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি টানা দুই মাস ধরে হ্রাস পাচ্ছে। শুধু পোশাক নয়, এর প্রভাবে সার্বিক রপ্তানি আয়েও পতন ঘটেছে। সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ, আর সার্বিক রপ্তানি হ্রাস পেয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ। ফলে বিশেষজ্ঞদের মতে, এলডিসি থেকে উত্তরণের পথে পণ্যের বৈচিত্র্য আনাই এখন সবচেয়ে জরুরি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র তথ্য বলছে, রপ্তানি আয়ে এখনো শীর্ষে পোশাক খাত। তবে সেপ্টেম্বর মাসে এ খাত থেকে আয় এসেছে ২৮৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০১ কোটি ১ লাখ ১০ হাজার ডলার।

দ্বিতীয় স্থানে থাকা কৃষি পণ্য খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে—এই খাতে আয় কমেছে ২ দশমিক ৩৭ শতাংশ। সেপ্টেম্বরে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১০ কোটি ১৯ লাখ ডলার, যেখানে ২০২৪ সালের একই মাসে আয় ছিল ১০ কোটি ৪৩ লাখ ডলার।

তৃতীয় স্থানে থাকা চামড়া ও চামড়াজাত পণ্য খাতে রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৫৫ শতাংশ—গত সেপ্টেম্বরে আয় হয়েছে ৯ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার, যা আগের বছর ছিল ৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার।

অন্যদিকে, পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে ১ দশমিক শূন্য ৪ শতাংশ—এই খাতে আয় দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ডলার।

এছাড়া গৃহস্থালি পণ্য খাতে রপ্তানি হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশ, সেপ্টেম্বরে আয় হয়েছে ৬ কোটি ৭৬ লাখ ডলার।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র ‘বাংলাদেশে রপ্তানি বৈচিত্র্যকে উৎসাহিত করা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানি এখনো উন্নয়নশীল দেশগুলোর তুলনায় প্রায় চার গুণ বেশি কেন্দ্রীভূত। দেশের মোট রপ্তানির ৭২ শতাংশ যায় মাত্র ১০টি দেশে, যার মধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বাজারই প্রধান। তুলনামূলকভাবে ভারতের রপ্তানির ৫২ শতাংশ এবং শ্রীলঙ্কার ৬৪ শতাংশ এই সংখ্যক বাজারে সীমিত।

রপ্তানি বৈচিত্র্য আনার করণীয় বিষয়ে এক্সক্লুসিভ ক্যান-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির বলেন, “রপ্তানিতে বৈচিত্র্য আনতে বিদেশি বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে হবে। একইসঙ্গে করপোরেট ট্যাক্স হার হ্রাস ও কার্যকর রপ্তানি নীতি প্রণয়ন জরুরি।”

অন্যদিকে, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “যুক্তরাষ্ট্রের শুল্ক প্রভাবের কারণে সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক রপ্তানি ৫ দশমিক ৬৬ শতাংশ হ্রাস পেয়েছে, যার প্রভাব দেশের সামগ্রিক রপ্তানি আয়েও পড়েছে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন