চট্টগ্রাম বন্দরের উচ্চ শুল্ক এক মাসের জন্য স্থগিত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

সরকার ব্যবসায়ী মহলের অনুরোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন শুল্ক কাঠামো কার্যকর করার সময় এক মাস পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার বন্দর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “কাস্টমস ও পোর্ট ম্যানেজমেন্ট: সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির পথ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন শুল্কহার আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও আপাতত তা স্থগিত থাকবে।

রপ্তানিকারক ও আমদানিকারকদের আশঙ্কা ছিল, হঠাৎ বাড়তি চার্জ কার্যকর হলে বিদেশি বাণিজ্যের ব্যয় বেড়ে যাবে এবং দেশের প্রতিযোগিতা সক্ষমতা কমে আসবে—বিশেষ করে আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে।

প্রায় চার দশক পর সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) গেজেট প্রকাশের মাধ্যমে সেবাশুল্ক গড়ে ৪১ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। নতুন কাঠামো অনুযায়ী কনটেইনার ওঠানামার চার্জ গড়ে ২৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিনের অপারেশনাল সমস্যার সমাধান ছাড়াই এত হঠাৎ ও বড় অঙ্কের শুল্কবৃদ্ধি উৎপাদন খরচ এবং পরিবহন ব্যয় বাড়িয়ে দেবে।

এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, সরকার বন্দরের সক্ষমতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বে-টার্মিনাল প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মংলা বন্দর ও কমলাপুর আইসিডির ব্যবহারের সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন