চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। গড় হিসেবে প্রতিদিন দেশে প্রবাহিত হয়েছে প্রায় ১০ কোটি ৪৯ লাখ ডলার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথমার্ধে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১২৯ কোটি ৩০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ২১ দশমিক ৮০ শতাংশ।
আরিফ হোসেন খান আরও জানান, শুধু ১৫ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৯০ লাখ ডলার। এ অর্থবছরের জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৬৪৭ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ২০ শতাংশ বেশি।
এর আগে আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
এলএনডি/এমআর






