চলতি বছরের আগস্ট মাসে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার (২.৪২ বিলিয়ন)। যা টাকায় হিসাব করলে প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগের মাস জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪১৪ কোটি ডলার।
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ওই অর্থবছরে দেশে মোট এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়। ধারাবাহিক এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার জোগান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এলএনডি/এমআর






