চলতি বছরের আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২২২ কোটি ৯০ লাখ (২.২৩ বিলিয়ন) মার্কিন ডলার। টাকার হিসাবে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ২০০ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে উদ্যোগ, প্রবাসী আয়ে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নয়ন—এসব পদক্ষেপের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
এর আগে জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৪৮ কোটি মার্কিন ডলার (প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা)।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার। এক অর্থবছরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি ডলারের জোগানে স্বস্তি আনার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করছে।
এলএনডি/এমআর






