চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ডলার। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ দশমিক ৯০ শতাংশ। শুধু ২৭ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে প্রায় ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৫০ শতাংশ বেশি।
গত জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোতে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
এলএনডি/এমআর






