বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই আমদানি উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পেঁয়াজ আমদানির ব্যবস্থা নেওয়া হবে। যেসব দেশ থেকে কম দামে পেঁয়াজ পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।
পাটপণ্য রফতানিতে ভারতের নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এতে রফতানি লক্ষ্যমাত্রায় উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতির প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ব্যবসায়ীরাই ভালো বলতে পারবেন, তবে বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে মনে হয় না। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
এলএনডি/এমআর






